মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি: বিএনপি নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে কড়া ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের বিরুদ্ধে।

মুঠোফোনে হুমকি দেওয়ার সেই কথোপকথনের একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

কলরেকর্ডে দেখা যায়, আত্মপক্ষ সমর্থন করে ও পরিস্থিতি শান্ত করতে মারুফ ভূঁইয়া বলছিলেন যে তিনি এমন কিছু বলেননি। তবে একপর্যায়ে দুজনই তর্কে জড়িয়ে পড়েন।

ফাঁস হওয়া ফোনালাপে ক্ষোভ প্রকাশ করে পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়:

‘মনোয়ার প্রধান অতিথি, আমনে বিশেষ অতিথির ব্যানার কইরছেন। আঁই হানিয়ালা (পানিওয়ালা) স্কুলে যাই আঁই পৌর বিএনপির সেক্রেটারি প্রধান অতিথি ওইতে হারিনো, আমনে কন পলাশ কে?

আমনে কি, সাংগঠনিক রাজনীতি কি বৃদ্ধাঙ্গুলি দিবেননি আমনে মারুফ ভূঁইয়া? আমনে বলে কইছেন, পলাইশশা কে? আমনে যদি সাংগঠনিক রাজনীতি না চর্চা করেন, আমনে ইউনিয়ন বিএনপি কীভাবে করবেন?

আমার নাম কেন আসে নাই ব্যানারে প্রধান অতিথি হিসেবে? আমনে কইছেন পলাইশশা কে? আমি পানিওয়ালা যামু না, এটা আমি বলছি। তোরা এইকগাও আসবি না পৌরসভায়। আঁই প্রধান অতিথি কেন হইতে পারিনো? এ মারুফ ভূঁইয়া, সাংগঠনিক রাজনীতি যদি না বুঝেন, তাহলে করিয়েন না।

আই পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই, আমনে কন পলাইশশা কে? নির্বাচিত সেক্রেটারি, ৫০ লাখ টিয়া (টাকা) খরচ করে হালাইছি। আমনে বলেন পলাইশশা কে? আপনি পানিওয়ালাতে আসেন, সেখানে কথা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া জানান, ঘটনাটি বেশ আগের।

বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের জানানোর পর তারা দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিয়েছেন এবং পলাশ ভাই তার কাছে দুঃখপ্রকাশ করেছেন।

হুমকির বিষয়ে বক্তব্য জানতে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের ফোনে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি, মেসেজ পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।

তবে তার এক ঘনিষ্ঠ দলীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই সময় তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন, তবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শেখ কামরুল ইসলাম সভাপতি এবং গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন