শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কার মাধ্যমে ফিরবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় বাংলাদেশ সরকারকেই নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগও সরকারেরই নেওয়া উচিত।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা যাচ্ছে। তার মতে, এ উদ্যোগ সঠিক পথে এগোচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় দলের বিচারও হওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্ত অনেকটাই দিল্লির ওপর নির্ভরশীল। তাই তার দেশে ফেরা কিংবা বিচারসংক্রান্ত বিষয়ও ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে জনগণ তা মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যবসায়িক খাতের প্রতিনিধিরা অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup