

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ২০২৬-এর প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের দল।
বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সের জয়ে বড় ভূমিকা রাখেন এমবাপ্পে। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেন তিনি। ফরাসিদের দ্বিতীয় গোলটি করেন উসমান দেম্বেলে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখায় দিদিয়ের দেশমের শিষ্যরা। দ্রুত পাস, গতিময় আক্রমণ এবং সংগঠিত রক্ষণে মরক্কোকে খুব বেশি সুযোগই দেয়নি তারা। আফ্রিকার দলটি কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ফ্রান্স এমবাপ্পের গোলে এগিয়ে যায়। পরে এমবাপ্পের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মরক্কো।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ফ্রান্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলা দলটি এখন অপেক্ষায় রয়েছে শেষ চারের প্রতিপক্ষকে জানার।
ফ্রান্সের সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারণ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ফলাফলে। শুক্রবার দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল। সেই ম্যাচের বিজয়ী দলই সেমিফাইনালে এমবাপ্পেদের চ্যালেঞ্জ জানাবে।
প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে। স্পেন নাকি বেলজিয়াম-ফ্রান্সের সামনে শেষ পর্যন্ত কোন দল দাঁড়ায়, এখন সেটিই দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

