

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ এখন শেষ ধাপের প্রক্রিয়ায়। প্রজ্ঞাপনের রেজুলেশন ইতিমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর পে স্কেলের রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। বর্তমানে সেই কাজ চলছে।
ওই কর্মকর্তা বলেন, গেজেট প্রকাশে অযথা সময়ক্ষেপণের কোনো পরিকল্পনা নেই। প্রক্রিয়াগত যেসব আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো শেষ হলেই দ্রুত গেজেট প্রকাশ করা হবে।
এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভা নবম জাতীয় পে স্কেল অনুমোদন করে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। চলতি সপ্তাহে এ-সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে এর আগে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে প্রশাসনিক ও আইনগত কিছু আনুষ্ঠানিকতার কারণে গেজেট প্রকাশে সময় লাগছে।
নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরির ২০টি গ্রেডই রাখা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে প্রতিটি গ্রেডের মূল বেতনে।
সবচেয়ে বেশি হারে বাড়ছে ২০তম গ্রেডের বেতন। এই গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে। অর্থাৎ বৃদ্ধি প্রায় ১৪২ শতাংশ। আর প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সর্বোচ্চ মূল বেতনও দ্বিগুণ হচ্ছে।
তবে নতুন মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর হবে না। ১০ম থেকে ২০তম গ্রেডে বর্ধিত বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।
প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়িত হবে। আর বিভিন্ন ধরনের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে।
অর্থাৎ নতুন পে স্কেলের অনুমোদন ইতিমধ্যে হয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের পুরো বেতন কাঠামোর সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে। আপাতত গেজেট প্রকাশের জন্য শেষ হচ্ছে আইনগত আনুষ্ঠানিকতা।

