মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বাংলাদেশ পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জাতিসংঘ মিশন থেকে ফিরে সম্প্রতি পুলিশ সদর দফতরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে বরগুনা জেলা পুলিশের সদর সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যান্য আদেশে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ন্যস্ত করা হয়েছে। ময়মনসিংহ এসএএফের সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে এবং ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ী জেলার পাংশা সার্কেলে বদলি করা হয়েছে।

একই আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন