

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অপারেশনাল কাজে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলামের তালিকায় রয়েছে ডিলন, ডিগবি, নেরোসহ পাঁচটি ল্যাব্রাডর ও তিনটি জার্মান শেফার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) র্যাব সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব হেডকোয়ার্টার্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) কমান্ডার বিএন কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিলামের বিস্তারিত তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।
নিলামে অংশ নিতে আগ্রহীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে। নিলামের আগে সম্ভাব্য ক্রেতারা কুকুরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। বিক্রয়মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।
নিলামে উঠছে যেসব কুকুর
নিলামের তালিকায় রয়েছে ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো, হেইডি জুনিয়র ও উইংক। তাদের বয়স ছয় বছর সাত মাস থেকে আট বছর তিন মাসের মধ্যে।
ডিলন, ডিগবি ও ইভান পুরুষ ল্যাব্রাডর। ডন ও হেইডি জুনিয়র নারী ল্যাব্রাডর। অন্যদিকে নেরো ও উইংক পুরুষ জার্মান শেফার্ড এবং এলমা নারী জার্মান শেফার্ড।
প্রতিটি কুকুর আলাদাভাবে নিলামে বিক্রি করা হবে। তবে সর্বোচ্চ দরদাতা হলেই কুকুরটি তার কাছে বিক্রি হবে—এমন নিশ্চয়তা নেই। কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়েও যেকোনো দর গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে।
সফল দরদাতাকে নিলামের পর তিন দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে। এরপর র্যাব সদর দপ্তরের অপারেশনস শাখার উপপরিচালকের সঙ্গে যোগাযোগ করে কুকুর বুঝে নিতে হবে।
কেন নিলামে
র্যাবের সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন অপারেশনাল দায়িত্ব পালনের পর বয়সজনিত কারণে এসব কুকুরকে ভারী অনুসন্ধান, টহল কিংবা বিস্ফোরক শনাক্তকরণের মতো কঠিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুকুরগুলো শারীরিকভাবে সুস্থ। সাধারণ পোষা প্রাণী হিসেবে এগুলোকে লালন-পালন করা সম্ভব।

