মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এমপিদের জরুরি নির্দেশনা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় সংসদের সদস্যদের বৈঠক আহ্বান করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আগের প্রজ্ঞাপনগুলোর ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনের আদেশক্রমে জারি করেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটগ্রহণ ২টা থেকে ৫টা

নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

প্রস্তুতিমূলক সভা

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহারের বিষয়টি অনুমোদন করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়।

এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করা এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন