মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন তার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে ভারত সরকারের পক্ষ থেকেও তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

দুই দেশের নিরাপত্তা ও গোয়েন্দা পর্যায়েও যোগাযোগ থাকার কথা জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর একজন প্রতিনিধি বর্তমানে ঢাকায় এসেছেন। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠকও হতে পারে। তার মতে, ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর গোপন কোনো বিষয় নয়।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। গত ১৭ বছরে দুই দেশের সম্পর্ক যেভাবে পরিচালিত হয়েছে, তার পরিবর্তে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলেছে বর্তমান সরকার।

এর আগে জুনে জাহেদ উর রহমানের দিল্লি সফর ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার পর বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় পড়েন তিনি এবং পরে ঢাকায় ফিরে আসেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জিজ্ঞাসাবাদের পর তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

এর কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের কথা জানানো হলো। ফলে সফরটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক টানাপোড়েনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেও নজর থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন