

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মিড-ডে মিল চালু হয়েছে, এটি একটি নতুন উদ্যোগ। প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ’-এ এগিয়ে যেতে পারে এবং একজন শিক্ষার্থীর একাধিক পেশায় যুক্ত হওয়ার সুযোগ থাকে, সে জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে তা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। বিভিন্নভাবে বৃত্তির ব্যবস্থাও আমরা চালু করেছি। কাজেই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকেই শুরু করতে হবে। ধীরে ধীরে সব পর্যায়েই তা বাস্তবায়ন হবে।
তিনি বলেন, কীভাবে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণ করা যায়, সে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করেছি। স্কুলগুলোতেও কীভাবে পুষ্টিকর খাবার দেওয়া যায়, সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
এছাড়া বক্তারা শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।