

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘জুলাই জাদুঘর’-এর কমিটি কিছুটা এলোমেলো ছিল। তবে এখন জাদুঘরটি খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। শিগগির জুলাই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী জানান, জাদুঘরটি খুলে দেওয়ার বিষয়ে ইতোমধ্যে সংসদে সিদ্ধান্ত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘর উদ্বোধন ও অন্যান্য বিস্তারিত বিষয় দেশবাসীকে জানানো হবে।
বিগত আওয়ামী লীগ সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন চলেছে।
সাবেক সরকারের তীব্র সমালোচনা করে নিতাই রায় চৌধুরী আরও অভিযোগ করেন, বিগত শাসনামলে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের ব্যাংক ও বীমা খাতকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এবং সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।