

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে গঠিত পর্যালোচনা কমিটির কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (০৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা প্রস্তাবিত বেতনকাঠামো নিয়ে শেষ দফার আলোচনা করেন। বৈঠকের পর জানা যায়, ধাপে ধাপে নতুন বেতন ও ভাতা কার্যকরের বিষয়ে সদস্যরা একমত হয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে সংশোধিত মূল বেতন কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। আর বিভিন্ন ভাতা পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
এর আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য প্রস্তাব তৈরি করেছে।
নবম জাতীয় বেতন কমিশন ২০২৫ সালের জুলাইয়ে গঠিত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের জানুয়ারিতে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। পরে সেই সুপারিশ বাস্তবায়নের উপযোগী করে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটিকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিচার বিভাগ–সংক্রান্ত কিছু কারিগরি বিষয় নিয়ে আলোচনা থাকলেও সেগুলোর সমাধান হয়েছে। এখন অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পর বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললে প্রস্তাবটি আইনি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষ হলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বেতনকাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে।
তবে মন্ত্রিসভার অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রস্তাবিত বাস্তবায়নের সময়সূচি ও কাঠামোতে পরিবর্তন আসার সুযোগ রয়েছে।
