সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন এবং একই উদ্যোগ নিতে মন্ত্রিসভার সদস্যদেরও আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে নিয়মিত নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়মিতভাবে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যা গরিব-অসহায় মানুষের কল্যাণ বা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও একই উদ্যোগ অনুসরণ করছেন। তিনি প্রতি মাসে তার বেসিক বেতন থেকে ১০ শতাংশ অর্থ আলাদা করে সরকারি অ্যাকাউন্টে জমা দিচ্ছেন।

প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশে বলেন, এটি তিনি নিজের উদ্যোগে করছেন, অন্যদের জন্য বাধ্যতামূলক নয়। তবে যারা সামর্থ্য অনুযায়ী করতে পারবেন, তাদের এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে মন্ত্রিসভার সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতারসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর হাজারো প্রশিক্ষিত ধাত্রী তৈরি হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে তাদের বড় একটি অংশ পেশায় টিকে থাকতে পারছেন না, যা মাতৃস্বাস্থ্যসেবার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup