শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে বিএনপি নেতা হত্যা: আরও ৪ জন আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ডিবির তেজগাঁও বিভাগের একটি দল বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মো. মিজানুর রহমানকে (৪০) আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার (৪৫) ও সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন।

আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে শফিকুল ইসলাম বলেন, গত ২৯ জুন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে ১ জুলাই রাতে নবোদয় কাঁচাবাজারসংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে একটি সালিশ বৈঠক চলাকালে আবারও সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষেই আবুল বাশার ও সাদ্দামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক রিপন সরাসরি আবুল বাশারকে ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। আটকদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর তারা পালিয়ে ময়মনসিংহে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যান।

ডিবি প্রধান আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে শোয়েব, আরমান ও নয়ন নামে তিনজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজন আটক হলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup