বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন, কে এই এস্টার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা কিলিয়ান এমবাপ্পে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিজীবনও নিয়মিত আলোচনায় থাকে। সম্প্রতি তার নাম জড়িয়েছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে। যদিও সম্ভাব্য সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবুও বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউরোপীয় বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন চলছে।

২০০০ সালের ২৬ জানুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন এস্টার এক্সপোসিতো। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিনি। টেলিভিশন ও ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও আন্তর্জাতিক পরিচিতি পান ২০১৮ সালে। নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ *এলিট*-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে অল্প সময়েই বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়ে নেন তিনি। সিরিজটির সাফল্যের পর স্পেনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারকাখ্যাতি অর্জন করেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে এস্টার জানিয়েছিলেন, এলিট তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। এর আগে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করলেও সিরিজটি মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশের দর্শক তাকে চিনতে শুরু করেন। এরপর অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি নিয়মিত উপস্থিত থেকেছেন মর্যাদাপূর্ণ ফ্যাশন আয়োজন ও রেড কার্পেট অনুষ্ঠানে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এস্টার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। সেখানে সিনেমার শুটিং, ফ্যাশন ক্যাম্পেইন, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও বাস্তব জীবনে প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এস্টারের ভাষ্য, ইনস্টাগ্রাম তার জীবনের খুব ছোট একটি অংশ; সুযোগ পেলেই তিনি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন।

এদিকে চলতি বছরের এপ্রিলে প্যারিসে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে। এরপর বিশ্বকাপ শুরুর আগে স্পেনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ইবিজাতেও তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশিত হয়। এই দুই ঘটনাকে কেন্দ্র করেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও বিভিন্ন প্রতিবেদনের পর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

তবে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এসব আলোচনার বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এমবাপ্পে।অন্যদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টারও স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না, তবে তিনি ভালো আছেন।

ফলে এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোর সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত সেটি কেবল গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত না করায় ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া এসব জল্পনার সত্যতা এখনও অজানাই রয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank