বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

এরপর ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।

সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই ঢাকায়। পরীক্ষা পরিচালনায় ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে বিশেষ সিসিটিভি মনিটরিং সেল, যেখান থেকে অনলাইনে দেশের যে কোনো কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে নির্ধারিত আসনে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশ দিয়ে, এরপর অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা।

৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। আর ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ২৫ মিনিট ও ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না এবং প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে পরীক্ষা চলবে।

সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ, ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ১০টা ৩০ মিনিটে (২৫ নম্বরের এমসিকিউ হলে ১০টা ২৫ মিনিটে) ওএমআর সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।

একইভাবে দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট, ২টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ২টা ৩০ মিনিটে (২৫ নম্বরের এমসিকিউ হলে ২টা ২৫ মিনিটে) সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর অংশে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে।

উত্তরপত্রে মার্জিনের মধ্যে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (যেখানে প্রযোজ্য) প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষার্থীরা শুধু নন-প্রোগ্রামেবল হাতঘড়ি এবং শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

কন্ট্রোল রুম চালু

এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫।

এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই-মেইল ঠিকানা: [email protected]

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup