

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করেছে ইরান। এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর প্রভাবে বুধবার (০১ জুলাই) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
রয়টার্সের জ্বালানি বাজারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১৩ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা আবারও তেলের বাজারে ঝুঁকির হিসাব কষতে শুরু করেছেন। এরই প্রতিফলন দেখা যাচ্ছে দামের ঊর্ধ্বগতিতে।
এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো মার্কিন প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নেবে না। কাতারও নিশ্চিত করেছে, দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলেও ইরান কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমেই যোগাযোগ রাখতে আগ্রহী।
এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪৫ ডলার এবং ডব্লিউটিআই প্রায় ৩১ ডলার পর্যন্ত নেমে আসে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় দরপতন।
