বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকেতার ইনজুরিতে বদলি খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সেই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে সেলেসাওরা। চোটের কারণে মাঠ ছাড়তে হওয়া মিডফিল্ডার লুকাস পাকেতা নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

সিবিএফের দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২ মাত্রার চোট ধরা পড়েছে। বর্তমানে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে তোলাই চিকিৎসকদের লক্ষ্য।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো অবশ্য আরও হতাশাজনক খবর দিচ্ছে। তাদের দাবি, এই চোট থেকে সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগতে পারে। সে কারণে চলমান বিশ্বকাপে পাকেতার আর মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

চোটের খবর প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের কয়েকটি আয়াত শেয়ার করেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। পরে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘এর আগেও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি।’

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। জয় পেলে ১১ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৫ জুলাই সেমিফাইনাল খেলবে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, পাকেতা যুক্তরাষ্ট্রেই দলের সঙ্গে থাকবেন এবং দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। তবে দল ফাইনালে উঠলেও তার মাঠে ফেরার সম্ভাবনাকে খুব একটা উজ্জ্বল মনে করছেন না সংশ্লিষ্টরা। যদিও সিবিএফ এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড থেকে বাদ দিচ্ছে না।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর স্কোয়াডে নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। ফলে পাকেতার পাশাপাশি রাফিনিয়ার অনুপস্থিতিতেও বর্তমান স্কোয়াড নিয়েই নকআউট পর্বের বাকি পথ পাড়ি দিতে হবে ব্রাজিলকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup