

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাউন্ড অব ৩২-এর নকআউট ম্যাচকে সামনে রেখে শেষ প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। আফ্রিকার প্রতিনিধি কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আজ কানসাসে শেষবারের মতো অনুশীলনে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপরই তারা উড়াল দেবেন ম্যাচের ভেন্যু মায়ামির উদ্দেশে।
আগের সূচি অনুযায়ী ম্যাচের আগের দিনই মায়ামিতে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে পরিকল্পনায় পরিবর্তন এনে কানসাসেই আরও একটি পূর্ণাঙ্গ অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে টিম আলবিসেলেস্তে।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় শুরু হবে দলের শেষ অনুশীলন, যা রুদ্ধদ্বারেই হওয়ার সম্ভাবনা রয়েছে। নকআউটের আগে এই সেশনেই স্কালোনি তার শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করবেন বলে ধারণা করা হচ্ছে।
অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার সেখানে একটি হালকা অনুশীলনের পর শুক্রবার স্থানীয় সময় (বাংলাদেশ সময় শনিবার ভোরে) কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্কালোনির দল নির্বাচন। এখনো সম্ভাব্য একাদশ নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও সম্ভাব্য মূল একাদশের খেলোয়াড়দের সঙ্গে অন্যদের একই রঙের জার্সি পরিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন আর্জেন্টাইন কোচ।
রক্ষণভাগে বাঁ দিকের পজিশনের জন্য নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এছাড়া চোট কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো ফিরলে তিনি একাদশে জায়গা পাবেন, নাকি নিকোলাস ওতামেন্দিই নিজের অবস্থান ধরে রাখবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।
তবে সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণভাগে। লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন কে—লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ? আর্জেন্টাইন সংবাদমাধ্যমের মতে, এই দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো। আর রোমেরো পুরোপুরি ফিট থাকলে তাকেও শুরুর একাদশে ফেরানোর সম্ভাবনা প্রবল।

