মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি। এতে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকার নির্দিষ্ট সীমানায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ডিএমপি কমিশনার মোসলে‍হ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও করা যাবে না।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা

  • গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে,
  • ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা।
  • বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
  • পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
  • মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।
  • রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত।
  • ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
  • জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথ।

ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন