

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক শনিবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গীকার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
সাক্ষাৎকালে হাইকমিশনার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
উভয়পক্ষ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ ও শক্তিশালী ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী কমিউনিটির ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
তারা বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পায়। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
