শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিরোনাম পড়ে চমকে ওঠারই কথা। যে মানুষটি ২০১৫ সালেই পেশাদার ফুটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন, তিনি কি না চলমান ২০২৬ বিশ্বকাপের উন্মাদনার মাঝে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের জার্সি গায়ে ফিরলেন! তবে ব্রাজিল ভক্তদের একটু হতাশ হতেই হচ্ছে, কারণ ব্যাপারটা ঠিক সে রকম কিছু নয়।

ব্রাজিলিয়ান এই কিংবদন্তি জাদুকর অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ঠিকই, তবে তা সেলেসাওদের হয়ে নয়; বরং ইতালির ঘরোয়া ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব 'রাভেন্না'র হয়ে মাঠ মাতাতে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি ইতিমধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

তবে রোনালদিনহোকে পুরো মৌসুমজুড়ে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি মাঠে নামতে পারেন। পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি বার্সেলোনাকে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলার পর অবসরে যান রোনালদিনহো। প্রায় ১১ বছর পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Netherlands VS Sweden
35'
2 - 0
5' Brian Brobbey
17' Brian Brobbey
World Cup