রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে হটিয়ে নতুন মাইলফলক নেদারল্যান্ডসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:১৩ এএম
নেদারল্যান্ডস দল
expand
নেদারল্যান্ডস দল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ডের মালিক হয়েছে নেদারল্যান্ডস। টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে তারা ছাড়িয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে দীর্ঘতম অপরাজিত ধারার একক রেকর্ড এখন ডাচদের দখলে।

এর আগে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে হার এড়িয়ে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে এই কীর্তির মালিক ছিল নেদারল্যান্ডস। তবে সর্বশেষ ম্যাচে পরাজয় এড়িয়ে তারা সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে এসেছে।

বিশ্বকাপে দীর্ঘদিন ধরে অপরাজিত থাকার রেকর্ডটি ছিল ব্রাজিলের অন্যতম গর্বের অর্জন। কিংবদন্তি পেলের নেতৃত্বে ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে তিনটি বিশ্বকাপ আসরে টানা ১৩ ম্যাচে হারেনি সেলেসাওরা। প্রায় ছয় দশক ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নতুন করে লিখল নেদারল্যান্ডস।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে নেদারল্যান্ডস সর্বশেষ হেরেছিল ২০১০ সালে। ২০১০ ফিফা বিশ্বকাপ-এর ফাইনালে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার করা একমাত্র গোলে স্পেনর কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল ডাচরা।

এরপর ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েও নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে কোনো ম্যাচে হারেনি নেদারল্যান্ডস। যদিও দুটি আসরেই তাদের যাত্রা থেমেছে টাইব্রেকারে। ফিফার পরিসংখ্যানে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচকে ড্র হিসেবে গণ্য করা হয়, ফলে আনুষ্ঠানিকভাবে সেসব ম্যাচ পরাজয়ের তালিকায় যুক্ত হয়নি।

ফলে ২০১০ সালের সেই ফাইনালের পর থেকে বিশ্বকাপের মূল খেলায় এখনও অপরাজিত রয়েছে ডাচরা। দীর্ঘ এই ধারাবাহিকতা এবার তাদের এনে দিয়েছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ একটি রেকর্ড।

বিশ্বকাপের বর্তমান আসরে নেদারল্যান্ডসের এই সাফল্য দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। শিরোপার খোঁজে থাকা কমলা বাহিনী এখন শুধু নকআউট পর্বে এগিয়ে যাওয়ার লড়াই নয়, বরং নিজেদের অপরাজিত অভিযাত্রা আরও দীর্ঘ করার লক্ষ্যেও এগিয়ে চলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন