রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ, জানিয়ে দিল অক্টোপাস পলের উত্তরসূরিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:৪০ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ এলেই শুধু মাঠের খেলা নয়, মাঠের বাইরের অদ্ভুত সব গল্পও জায়গা করে নেয় শিরোনামে। কখনো অক্টোপাস, কখনো জ্যোতিষী, আবার কখনো ভক্তদের কল্পনা; ফুটবলকে ঘিরে এই উন্মাদনা যেন আলাদা এক উৎসব। বিশ্বকাপের ইতিহাসে অনেক স্মরণীয় মুহূর্ত আছে, তবে মাঠের বাইরের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল ‘পল দ্য অক্টোপাস’।

২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস পল যেমন একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। তেমনি এবার বিভিন্ন দেশের চিড়িয়াখানা ও অ্যাকোরিয়ামের প্রাণীরাও ভবিষ্যদ্বাণী করছে কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে বড় ট্রফি।

মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানায় আয়োজিত এক বিশেষ আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রাণীর সামনে রাখা হয় অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও প্রতীক। সেখানকার দুটি ক্যাপিবারা বিশ্বকাপ জয়ের জন্য বেছে নিয়েছে স্বাগতিক মেক্সিকোকেই। তাদের এই পছন্দ দেশপ্রেমের কারণে নাকি পতাকার সঙ্গে থাকা খাবারের লোভে, তা অবশ্য নিশ্চিত নয়।

একই চিড়িয়াখানার গরিলা ফউস্তিনা মনে করছে, এবারের শিরোপা জিততে পারে স্পেন। তবে স্পেনের গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে তার সহচর ৩৯ বছর বয়সী গরিলা চেঞ্চার মত ভিন্ন। চেঞ্চার বিশ্বাস, ২৭ জুনের ম্যাচে উরুগুয়ে হারাবে স্পেনকে। দুই গরিলা নিজ নিজ পছন্দের দলের জার্সির কাটআউট বেছে নিয়ে তাদের ভবিষ্যদ্বাণী জানিয়েছে।

এদিকে দুই জিরাফের মতে, ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গো শক্তিশালী কলম্বিয়াকে হারাতে সক্ষম হবে। অন্যদিকে একই চিড়িয়াখানার একটি হাতি আগেই ভবিষ্যদ্বাণী করেছে যে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করবে। পতাকার দিকে বল গড়িয়ে দিয়ে সে তার পছন্দ প্রকাশ করে।

তবে সব ভবিষ্যদ্বাণী যে সঠিক হচ্ছে, তা নয়। ১৪ বছর বয়সী পুমা ‘মুলুক’ মনে করেছিল চেক প্রজাতন্ত্র হারাবে দক্ষিণ কোরিয়াকে। দুই দেশের কার্ডবোর্ডে ঝোলানো মাংসের মধ্যে চেক প্রজাতন্ত্রের দিকের মাংস বেছে নিয়েছিল সে। কিন্তু বাস্তবে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে জয় তুলে নেয়।

কানাডাতেও রয়েছে এক ‘জ্যোতিষী’ গোল্ডফিশ। তার নাম ‘সুইমবাপে’, যা ফরাসি তারকা এমবাপ্পের নাম থেকে অনুপ্রাণিত। অ্যাকোরিয়ামে রাখা দুই দেশের পতাকার মধ্যে একটি বেছে নিয়ে ম্যাচের ফল অনুমান করে সে। এখন পর্যন্ত প্রথম ২০ ম্যাচের মধ্যে ১০টির ফল সঠিকভাবে মিলিয়েছে সুইমবাপে। জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার জয়ের পূর্বাভাসও দিয়েছিল এই গোল্ডফিশ।

ইংল্যান্ডের কেন্টের একটি বন্যপ্রাণী পার্কে চার মাস বয়সী শিম্পাঞ্জি ‘জেন’ আলোচনায় এসেছে। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচের আগে দুই দেশের পতাকার মধ্যে ইংল্যান্ডকে বেছে নিয়ে সে ৪-২ গোলের জয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে একই পার্কের ঘোড়া ‘অ্যাঙ্গাস’ ২০১৮ সালে বেশ কয়েকটি পূর্বাভাসে ভুল করেছিল।

ব্রাজিলের রিও ডি’জেনেইরোর একটি অ্যাকোরিয়ামে ‘রিতিনহা’ নামের এক হাঙর ব্রাজিলের জয়ের ভবিষ্যদ্বাণী করলেও তা মেলেনি। বরং ‘নিম্বুস’ নামের একটি বিড়াল সঠিকভাবে জানিয়েছিল যে ম্যাচটি ড্র হবে।

বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই বাড়ছে এসব প্রাণী-জ্যোতিষীর জনপ্রিয়তা। যদিও তাদের ভবিষ্যদ্বাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু ভক্তদের কাছে এগুলো বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন প্রাণীর পূর্বাভাস সবচেয়ে বেশি মিলে যায় এবং সত্যিই কার হাতে ওঠে বিশ্বকাপের ট্রফি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Tunisia VS Japan
45'+4'
0 - 2
4' Daichi Kamada
31' Ayase Ueda
World Cup