রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক খাতে সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০১:৫০ পিএম
‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে কথা বলছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।। ছবি: সংগৃহীত
expand
‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে কথা বলছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।। ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার একটি সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা ছাড়া ব্যাংক খাতে স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়।

রোববার (০৭ জুন) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বিষয়গুলো তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব প্রতিবেদন জনসচেতনতা তৈরির পাশাপাশি খাতটির সমস্যাগুলো সামনে আনতে সহায়তা করেছে।

তিনি বলেন, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা প্রয়োজন। অতীতে বিভ্রান্তিকর তথ্য ও ভুল পরিসংখ্যান অর্থনীতির প্রকৃত চিত্র সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে তার উৎস ও পটভূমি যাচাই করা জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সেমিনারে অংশ নেওয়া বক্তারা বলেন, ব্যাংক খাতের সুশাসন দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাঁদের মতে, যেসব ব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সক্ষম হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন