মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাসের শেষে চীন সফর করবেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৩৪ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী জুনের শেষ সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সম্ভাব্য সময় হিসেবে ২৩ থেকে ২৬ জুনের মধ্যে কয়েকটি তারিখ বিবেচনায় রেখে সফর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা ও বেইজিং। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে দুই দেশই এখন আলোচনা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, সম্প্রতি বেইজিং থেকে কূটনৈতিক বার্তার মাধ্যমে সম্ভাব্য সফরসূচির প্রস্তাব পাঠানো হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শুরুতে চীন সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে বৈঠক করেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে ওয়াং ই বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক আস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায় চীন।

বৈঠকে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির মতো খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বেইজিং। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার কথাও জানান ওয়াং ই।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এ সম্পর্ককে বাইরের কোনো প্রভাবের বাইরে রাখার পক্ষেও অবস্থান নেয় চীন।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ঢাকা এই সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। তিনি ‘এক চীন’ নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের প্রতি সমর্থনের কথাও উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন