বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবির নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ, মধ্যরাতে মুক্তি

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
expand
বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক ফকিরহাট উপজেলা সভাপতি আবু আইয়ুব আনসারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রশিবির।

পরে পুলিশ সুপারের আশ্বাসের পর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম জানান, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৪টায় ফকিরহাট উপজেলার গোডাউন মোড় এলাকা থেকে সাদা পোশাকধারী একদল ব্যক্তি আবু আইয়ুব আনসারীকে নিয়ে যায়।

পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও গ্রেপ্তারের কারণ জানায়নি বলে দাবি করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে রাত ১০টায় বাগেরহাট শহরের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রশিবির। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় এক ঘণ্টা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিবির নেতা আবু আইয়ুব আনসারীর বাবা মোঃ ইব্রাহীম বলেন, আমাদের ছেলেকে কোন অভিযোগ ছাড়া তুলে এনেছে।আমরা দেখা করতে চাইলে দেখা করতে দেয় নি।

অবস্থান কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে আবু আইয়ুব আনসারীকে আটক করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আন্দোলনরত নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

পরে রাত ১২টার দিকে আবু আইয়ুব আনসারীকে মুক্তি দেওয়া হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম জানান, পুলিশ সুপারের আশ্বাসের পর আনসারীকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup