বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের হেডব্যান্ডে ‘০৮৩০৪’ কিসের বার্তা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল
expand
স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে শুধু পারফরম্যান্স দিয়েই নয়, নিজের হেডব্যান্ড নিয়েও আলোচনায় এসেছেন স্পেনের তরুণ তারকা ল্যামিন ইয়ামাল। ম্যাচজুড়ে তার মাথায় থাকা হেডব্যান্ডে লেখা ছিল ‘০৮৩০৪’ এবং ‘রোকাফোন্দা’-যার পেছনে রয়েছে আবেগঘন এক গল্প।

‘রোকাফোন্দা’ হলো স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের একটি শ্রমজীবী এলাকা, যেখানে বেড়ে উঠেছেন ইয়ামাল। আর ‘০৮৩০৪’ হচ্ছে সেই এলাকার পোস্টাল কোড। বিশ্বমঞ্চে নিজের শিকড়কে তুলে ধরতেই এই বার্তা বহন করেন স্প্যানিশ উইঙ্গার।

ইয়ামাল বহুবার বলেছেন, তিনি কখনোই নিজের শৈশব ও বেড়ে ওঠার জায়গাকে ভুলে যেতে চান না। সেই কারণেই গোল উদযাপনের সময় দুই হাতের আঙুল দিয়ে ‘৩০৪’ চিহ্ন তৈরি করেন, যা মূলত তার এলাকার পোস্টাল কোডের শেষ তিন সংখ্যা।

শুধু হেডব্যান্ডেই নয়, নিজের বুট, প্রশিক্ষণ সরঞ্জাম এবং ব্যক্তিগত নানা সামগ্রীতেও ‘০৮৩০৪’ ব্যবহার করেন ইয়ামাল। এটি এখন তার ব্যক্তিগত পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।

চলতি বিশ্বকাপে এর আগেও হেডব্যান্ড নিয়ে আলোচনায় ছিলেন এই তরুণ। সমালোচকদের জবাব দিতে এক ম্যাচে তিনি ‘ইগো ইয়ামাল’ লেখা হেডব্যান্ড পরে মাঠে নেমেছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হওয়া ইয়ামাল বারবারই প্রমাণ করছেন, সাফল্যের শীর্ষে পৌঁছেও তিনি নিজের শিকড়কে ভুলে যাননি। আর তাই ‘০৮৩০৪’ শুধু একটি পোস্টাল কোড নয়, বরং তার পরিচয়, গর্ব এবং বেড়ে ওঠার গল্পের প্রতীক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup