শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে পেছনে ফেলে ইতালিকে ছুঁল স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শুধু ফাইনালেই ওঠেনি স্পেন, গড়েছে আরও একটি অনন্য রেকর্ড।

টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে ইতালির সর্বকালের অজেয় থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে লা রোহা। একই সঙ্গে পেছনে ফেলেছে আর্জেন্টিনাকে।

২০২৪ সালের ২৬ মার্চ কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি স্পেন। এরপর থেকে লুইস দে লা ফুয়েন্তের দল টানা ৩৭ ম্যাচে অপরাজিত রয়েছে। এই কীর্তির মাধ্যমে তারা ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবর পর্যন্ত ইতালির গড়া ৩৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে।

এই দীর্ঘ অজেয় যাত্রায় স্পেন জিতেছে ৩০টি ম্যাচ এবং ড্র করেছে ৭টি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনার রেকর্ড স্পর্শ করেছিল তারা। ফরাসিদের হারিয়েই ইতালির পাশে নাম লেখাল স্প্যানিশরা।

ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির পর পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় লা রোহার। এই জয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন।

এখন ইতিহাস গড়ার আরও বড় সুযোগ অপেক্ষা করছে দে লা ফুয়েন্তের দলের সামনে। বিশ্বকাপের ফাইনালে জয় পেলে ইতালির ৩৭ ম্যাচের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দীর্ঘ অপরাজিত যাত্রার নতুন মালিক হবে স্পেন।

উল্লেখ্য, ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী পেনাল্টি শুটআউটে হারকে আনুষ্ঠানিকভাবে পরাজয় হিসেবে গণ্য করা হয় না। তাই নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে হারলেও স্পেনের অপরাজিত থাকার ধারায় সেটি প্রভাব ফেলেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন