বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় ইসি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪২ পিএম
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দিন
expand
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সহিংসতা ঠেকানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি শান্তিপূর্ণ ও রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। তবে এজন্য রাজনৈতিক দল, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনফ্রেলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা, ভবিষ্যৎ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

বক্তব্যের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচনে অতীতে ঘটে যাওয়া সহিংসতার বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে নিহতের সংখ্যা ছিল ১১৩ জন।

তাঁর মতে, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নতুন কোনো বিষয় নয়; এর শিকড় বহু পুরোনো। এমনকি আশির দশকে এরশাদ সরকারের সময়েও স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও সংঘাতের নজির ছিল বলে তিনি উল্লেখ করেন।

নাসির উদ্দিন বলেন, আমরা রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন করতে চাই, সুন্দরভাবে পরিচালনা করতে চাই। তিনি আরও বলেন, সহিংসতা বন্ধ করাই এখন বড় চ্যালেঞ্জ এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা বন্ধ করা শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণসহ সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আগামী দিনে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথাও তুলে ধরে সিইসি জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মধ্যেই এসব নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সব প্রার্থী সমান সুযোগ পাবেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতের নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার ও সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন