রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ, প্রতিপক্ষ কারা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চ ও হতাশা পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ মিশনের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি ইতোমধ্যে চুড়ান্ত করেছে দল দুটি। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে ফিরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে হতাশাজনক বিদায় নেওয়ার পর থেকেই সেলেসাও শিবিরে শুরু হয়েছে বড় রদবদল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। অন্যদিকে, অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের পরিকল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেলেসাওদের দুই ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এটিই হবে ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ, যেখানে ব্রাজিল বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও আলবিসেলেস্তাদের প্রীতি ম্যাচের সূচি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনিও। পাশাপাশি প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন যুগের পথচলা।

বিশ্বকাপের ধাক্কা সামলে এই দুই ফুটবল পরাশক্তি মাঠে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন