সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সভাটি ইউনিসেফের আয়োজিত নয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:৫৭ পিএম
সম্প্রতি রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘হাম ও স্বাস্থ্য ব্যবস্থা’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক
expand
সম্প্রতি রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘হাম ও স্বাস্থ্য ব্যবস্থা’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক

সম্প্রতি রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘হাম ও স্বাস্থ্য ব্যবস্থা’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিক ও সংস্কৃতিকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকটি থেকে দেশের হাম মহামারির জন্য বিগত অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি তোলা হয়েছে।

বেশকিছু ফেসবুক পোস্টে পোস্টে দাবি করা হচ্ছে, গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রকল্প ‘চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’।

কেউ কেউ দাবি করেছেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার জন্যই ইউনিসেফ এই আলোচনা সভার আয়োজন করেছে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যাচ্ছে, আলোচিত গোলটেবিল বৈঠকটি ইউনিসেফ বা ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রকল্পের আয়োজন নয়।

‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামের নব্য গঠিত একটি দেশীয় প্ল্যাটফর্ম এই সভার আয়োজন করেছে।

১৬ মে প্রথম আলোতে প্রকাশিত ‘হাম সংকটে টিকা-ব্যর্থতার তদন্ত ও জরুরি প্রস্তুতির আহ্বান’ শীর্ষক একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর কারওরান বাজারে দ্য ডেইলি স্টার কার্যালয়ে ‘চিলড্রেনস লাইভস ম্যাটার’ শীর্ষক ওই জরুরি মতবিনিময় সভার আয়োজন করে ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামের একটি প্ল্যাটফর্ম। আনন্দ কুটুম ও হো চি মিন ইসলাম এই প্ল্যাটফর্মের হয়ে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।

দ্য ডেইলি স্টার এর প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামক প্লাটফর্মটি নতুন প্রতিষ্ঠিত।

এ বিষয়ে ইউনিসেফের মিডিয়া বিভাগের সাথে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র দ্য ডিসেন্টকে জানিয়েছেন, ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ নামে ইউনিসেফের কোন প্রজেক্ট বাংলাদেশে নেই।

শিশু সুরক্ষায় আমাদের বহু ধরনের কাজ ও প্রকল্প রয়েছে। তবে এই নামে কোন প্রকল্প নেই এবং যেই গোলটেবিল বৈঠকের কথা বলা হচ্ছে সেটির আয়োজনের সাথে কোনভাবেই ইউনিসেফ জড়িত নয় বলেন তিনি।

সূত্র : দ্য ডিসেন্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন