

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুস্তাকিম কামাল তামিম (২১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ মে) দিবাগত রাত ১১টায় উপজেলা সদরের দক্ষিণে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাশেদের ছেলে। তিনি আধুনগর ইসলামিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সহপাঠীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে লোহাগাড়া থেকে মাদ্রাসায় ফিরছিলেন মুস্তাকিম। পথে উপজেলা সদর থেকে সামান্য দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মুস্তাকিম সিএনজি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।