

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা থেকে সোনিয়া আক্তার ওরফে ছনি (২৭) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোনিয়া আক্তার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব মুন্সীর স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের মৃত ইন্তাজ শেখের ছেলে তারা শেখ (৫৪) ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ সংক্রান্ত মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে ইতালিতে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে আসছিলেন। বাদী দাবি করেন, তার জামাতা সাগর শেখকে ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা নেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ জানুয়ারি বাদীর কাছ থেকে ২৫ লাখ টাকা গ্রহণ করেন সোনিয়া আক্তার। পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর ব্যবস্থা না করায় টাকা ফেরতের চাপ দেওয়া হলে তিনি ইসলামী ব্যাংকের ২৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। তবে ব্যাংকে জমা দিলে ‘অপর্যাপ্ত তহবিল’ ও স্বাক্ষর জটিলতার কারণে চেকটি ডিজঅনার হয়।
এছাড়াও একই কৌশলে আরও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই টাকার বিপরীতে দেওয়া চেকও ব্যাংকে জমা দিলে একই কারণে ডিজঅনার হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী তারা শেখ জানান, আইনজীবীর মাধ্যমে অভিযুক্তকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, সোনিয়া আক্তারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।