সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৫৭ এএম
দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক
expand
দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাছবাহী ট্রাকটির চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোর ৪টার দিকে ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন।

অপর নিহত ব্যক্তি ট্রাকটির হেলপার বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ২৮ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, আতাদি ফ্লাইওভারের কাছে গাছের চারা বোঝাই ট্রাকের পেছনে মাছবাহী ট্রাকটি দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের চালক ও হেলপার নিহত হন। নিহত চালকের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন