সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের দল ঘোষণা আজ, এখনও অনিশ্চিত নেইমার!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের বাকি আছে আর মাত্র হাতে গোণা কয়েক দিন। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে ব্রাজিল।

এর আগে বিশ্বকাপের জন্য ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে আছেন ব্রাজিলের পোস্টারবয় খ্যাত নেইমার জুনিয়র। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে তিনি থাকবেন কি না সে বিষয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা।

কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছিলেন, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেসেরর ওপর তিনি নজর দেবেন। এতে শঙ্কা দেখা দিয়েছে গত কয়েক বছর একের পর এক ইনজুরিতে মাঠের বাইরে ছিঠকে পড়া নেইমারের।

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ২০২৩ সালের গুরুতর হাঁটুর ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ফর্মে ফেরার চেষ্টা করছেন নেইমার। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে কিছু ম্যাচ খেললেও তার ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

ফলে নেইমারের জাতীয় দলে থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দলে তার ভবিষ্যৎ নিয়ে নিজেই অনিশ্চয়তার কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

করিতিবোর বিপক্ষে সাম্প্রতিক ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, জাতীয় দলে তার জায়গা পাওয়া নির্ভর করছে কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর। তিনি জানান, দলে ফেরার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে শেষ কথা কোচেরই। সুযোগ না পেলে একজন সাধারণ সমর্থকের মতোই তিনি ব্রাজিলকে সমর্থন করবেন।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকা থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড তৈরির কাজ চলছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত এই বিশ্বকাপ অনেকের মতে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ হতে পারে।

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে স্পষ্ট বার্তা দিয়েছেন। তার মতে, অতীতের সাফল্য নয় বরং বর্তমান পারফরম্যান্স এবং শারীরিক সক্ষমতাই হবে মূল বিবেচ্য বিষয়। এই অবস্থানে দাঁড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।

এদিকে দলে তরুণ প্রতিভাদের উত্থানও আলোচনাকে আরও জোরদার করেছে। ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো এবং এনদ্রিকের মতো ফুটবলাররা আক্রমণভাগে নতুন সম্ভাবনা তৈরি করায় ব্রাজিলের ভবিষ্যৎ দল নিয়ে ভিন্ন পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

সব মিলিয়ে এখন ফুটবল বিশ্বের নজর ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিকে। সেই তালিকাই নির্ধারণ করবে নেইমারের বিশ্বকাপে ফেরার সুযোগ তৈরি হবে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন