সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকে নিরাপত্তা দেন: হান্নান মাসুদ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম
আবদুল হান্নান মাসউদ।
expand
আবদুল হান্নান মাসউদ।

জাতীয় সংসদের অধিবেশনে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। শনিবার হাতিয়া থেকে ফেরার পথে হামলার মুখে পড়তে যাচ্ছিলেন বলে সংসদকে জানান তিনি।

সোমবার (২০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন, যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য রয়েছে। নির্বাচনের আগে ও পরে অন্তত পাঁচবার সরাসরি হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, তার জন্য মসজিদে দোয়া করায় এক ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি গত দেড় মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও ও প্রমাণ থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় দেয়া হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং এলাকায় প্রবেশে বাধা দেয়া হচ্ছে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘একজন সংসদ সদস্য হয়েও যদি আমি ও আমার নেতাকর্মীরা নিরাপদ না থাকি, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী?’

হান্নান মাসউদ বলেন, ‘তার গাড়িতে এখনও হামলার কোপের দাগ রয়েছে। এমনকি বিটিভির এক সাংবাদিককে কুপিয়েছে—এমন চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা ও হুমকি কোনোভাবেই কাম্য নয়। যদিও কার্যপ্রণালী বিধির কারিগরি সীমাবদ্ধতার কারণে নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, তবু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন