

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তুরস্কে আয়োজিত আন্তালিয়া কূটনীতি ফোরামের ‘সাইড লাইনে’ বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াতের বিষয়ে পুনরায় অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পাশাপাশি তিনি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সকল পক্ষকে সংযম প্রদর্শন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল সহজতর করার জন্য তার মধ্যস্থতা ব্যবহারের অনুরোধ জানান।
তিনি উল্লেখ করেন, ‘হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় ইরান যখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিলাম।’
এ প্রসঙ্গে ইরানের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উভয় পক্ষই এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।
এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ‘বাংলার জয়যাত্রা’সহ অপর একটি বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের বিষয়টি তুলে ধরেন।
রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগেরও প্রশংসা করেন।
মন্তব্য করুন
