

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি মামলা আছে। আর ঢাকা মহানগর এলাকায় মামলা আছে পাঁচটি। মোট মামলা ১১টি। এর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে।
প্রাথমিকভাবে তাকে পল্টন থানায় করা মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ফেনী জেলায় আরও তিনটি মামলা এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট ৮টি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।
ডিবি প্রধান জানান, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পল্টন থানার মামলাটি মানবপাচারের। তিনি ওই মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।
মো. শফিকুল ইসলাম বলেন, আমরা অনেকদিন ধরে মাসুদকে ধরার চেষ্টা করছি। গতকাল (সোমবার) আমরা নিশ্চিত হয়েছি, তিনি বারিধারার বাসায় অবস্থান করছেন। পরে ক্যান্টনমেন্ট থানার সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করেছি।
মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে, তিনি কত টাকা বিদেশে পাচার করেছেন– জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মানি লন্ডারিং মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দুদকও এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে আমাদের (ডিবি) কাছে কোনো তথ্য নেই। এটা সিআইডি ও দুদক বলতে পারবে।
এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে আপনারা তদন্ত করবেন কি না– জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের তথ্য এলে অন্যায়কারী কেউ পার পাবে না। ভুক্তভোগী যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার। এখনো যদি কেউ আইনের আশ্রয় নেয়, আমরা তাদের স্বাগত জানাব। এছাড়া আমরা যদি তদন্তে পাই, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
মন্তব্য করুন
