বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সমঅধিকার ও ক্ষমতায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
expand
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, নারীরা যাতে নির্ভয়ে এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা লাভ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের গৌরবোজ্জ্বল ভূমিকা আজ বিশ্বজুড়ে স্বীকৃত।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘নারীর অবস্থা বিষয়ক কমিশন’ (সিএসডব্লিউ৭০)-এর ৭০তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বেইজিং ঘোষণা, কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা এবং ডিজিটাল বিভাজন গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব মোকাবিলায় নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করেন তিনি।

উল্লেখ্য, ৯ মার্চ থেকে শুরু হওয়া জাতিসংঘের এই বিশেষ অধিবেশন আগামী ১৯ মার্চ পর্যন্ত নিউ ইয়র্কে চলবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো নারী ও কন্যাশিশুদের জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন