বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসংস্থান সৃষ্টি-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংকের অঙ্গীকার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট
expand
ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সফরকালে তিনি সরকারের উচ্চপর্যায়ের নেতৃত্ব, বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সফর শেষে জোহানেস জাট বলেন, সরকার বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে এবং বিশ্বব্যাংকও এই লক্ষ্যকে সমর্থন করে।

তিনি জানান, বিশেষ করে যুব ও নারীদের জন্য বেশি কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংক তাদের সহায়তা আরও জোরদার করবে।

সফরকালে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং কোন কোন খাতে বিশ্বব্যাংক সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

জোহানেস জাট জানান, গত এক দশকে বাংলাদেশে প্রায় ১ কোটি ৪০ লাখ যুবক শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখ যুবকের। ফলে প্রায় অর্ধেক কর্মক্ষম যুবক চাকরি পায়নি। তরুণীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন।

তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে অর্থনীতি ও আর্থিক খাতে দীর্ঘদিনের অপেক্ষমাণ সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি, যাতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পথে থাকা বাধাগুলো দূর করা যায়।

প্রসঙ্গত, বিশ্বব্যাংক গ্রুপ বিভিন্ন দেশে এমন অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে, যেখানে প্রবৃদ্ধি সরাসরি স্থানীয় কর্মসংস্থানে রূপ নেয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা করে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এ পর্যন্ত দেশটির উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ৪৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে, যা অনুদান, স্বল্পসুদে ঋণ ও সহজ শর্তের ক্রেডিট আকারে প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন