

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান আড়ং–এর কেনাকাটার ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। ক্রেতাদের অভিযোগ, আড়ং থেকে পণ্য কেনার পর তা বহনের জন্য আলাদা করে ব্যাগ কিনতে হচ্ছে। ওই ব্যাগে আবার প্রতিষ্ঠানের নাম ও চিহ্ন ছাপা থাকে। ফলে ক্রেতাদের টাকায় প্রতিষ্ঠানটি নিজের প্রচার করছে—এমন মন্তব্যও করছেন অনেকে।
গত সোমবার (২ মার্চ) ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, আড়ং থেকে কেনাকাটা করা কয়েকজন ক্রেতা পণ্য বহনের জন্য আলাদা করে ব্যাগ কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন। এ সময় তাঁদের একজন আড়ংয়ের দায়িত্বশীল এক কর্মকর্তার কাছে জানতে চান, কেন ক্রেতাদের টাকা দিয়ে ব্যাগ কিনে প্রতিষ্ঠানের প্রচার করতে হচ্ছে। ভিডিওতে ওই কর্মকর্তা বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি বলেও দেখা যায়।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ভিডিওটি এক কোটির বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ৫৪ হাজারের বেশি মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। মন্তব্যের অনেকগুলোতেই আড়ংয়ের পণ্যের দাম ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। কেউ কেউ প্রতিষ্ঠানটির পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন।
এদিকে বিষয়টি জানতে এনপিবির প্রতিবেদক ক্রেতা সেজে আড়ংয়ের কয়েকটি বিক্রয়কেন্দ্রে যান। সেখানে দেখা যায়, অনেক ক্রেতা কেনাকাটা করলেও পণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।
রাজধানীর ধানমন্ডি শাখায় কেনাকাটা করতে আসা হাবিব নামের এক ক্রেতা বলেন, “মা ও বোনকে নিয়ে এসেছি। কিছু পোশাক পছন্দ হয়েছে, কিন্তু পোশাকের মানের তুলনায় দাম বেশি মনে হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আড়ংয়ের ভাইরাল ভিডিওটি আমার নজরে আসেনি।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। আড়ংয়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে তদারকি কার্যক্রম বাড়ানো হয়েছে। বর্তমানে ঢাকা মহানগরে ১৩টি দল নিয়মিত অভিযান পরিচালনা করছে। ঢাকার বাইরের জেলাগুলোতে জেলা প্রশাসনের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে আড়ংয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও তাঁদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বিভাগগুলো বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন