বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী শুক্র শনিবার গুলশান কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সরকার ও দলের কার্যক্রম সমন্বয় এবং সংসদীয় কৌশল নির্ধারণে গুলশানে দলীয় কার্যালয়ে ধারাবাহিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন শনিবার দলীয় সংসদ সদস্যদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী শুক্র ও শনিবার—এই দুই দিনে গুলশান কার্যালয়ে চারটি বৈঠক হবে।

সরকারদলীয় চিফ হুইপ ও হুইপদের সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত দলীয় সংসদ সদস্য হিসেবে অভ্যন্তরীণ করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা দিতেই এসব বৈঠকের আয়োজন। গুলশান কার্যালয়ের বৈঠকে মন্ত্রীদের দলীয় প্রধান হিসেবে সরাসরি দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। এমপিদের বৈঠকে দায়িত্বশীল নেতারা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেবেন তাঁর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

গুলশান কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গুলশান কার্যালয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে সভাপতিত্ব করবেন। তবে এমপিদের বৈঠকে প্রধানমন্ত্রী থাকছেন না।

দলীয় সূত্র আরো জানায়, বৈঠকে সংসদীয় কৌশল, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক জাতীয় ইস্যু ও জনগণের প্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন