শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
expand
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। তাই সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা লাগবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বি়ভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দায়িত্বগ্রহণের পর তাদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত এজেন্ডাগুলো অগ্রাধিকারভিত্তে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা জরুরি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ। তাই সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারবো। এছাড়াও দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য নির্দেশনা দেন। জাতিকে একটি সুশৃংখল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও ড. মাহ্‌দী আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X