বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বগুড়া-৬ ও শেরপুর-৩

উপ-নির্বাচন নিয়ে ইসির জরুরি নির্দেশনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষ অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ২৪ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সচিবালয়ের অধীনে মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারী—রাজস্ব ও আউটসোর্সিং উভয় শ্রেণির—সাপ্তাহিক ছুটি এবং অফিস সময়ের পরও দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এটি সচিবালয় ছাড়াও সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের চালক এবং দৈনিকভিত্তিক নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

নির্বাচন কমিশন নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে থাকা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত ইসির দায়িত্বে থাকা দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালনে সতর্ক থাকবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X