

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার গঠন করেছে। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ হলেও এখনো রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংসদীয় পদে নিয়োগ নিয়ে দলটির অভ্যন্তরে আলোচনা চলছে। রাষ্ট্রপতির আহ্বানে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে।
দলীয় সূত্রগুলো জানায়, মন্ত্রিসভা গঠনের পর এবার সংসদীয় কাঠামো পুনর্বিন্যাসে বিশেষ মনোযোগ দিচ্ছে বিএনপি।
রাষ্ট্রপতি পদে কারা আলোচনায়?
রাষ্ট্রপতি পদে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান।
দলীয় অভ্যন্তরে কেউ কেউ মনে করছেন, ভিন্নধর্মী সিদ্ধান্তের অংশ হিসেবে নারী নেতৃত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে সেলিমা রহমানের নাম সামনে আসতে পারে বলে আলোচনা রয়েছে।
এছাড়া দলীয় রাজনীতির বাইরে থেকেও কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এবং সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মাহবুব উল্লাহ। একই সঙ্গে সাবেক সচিব বা অবসরপ্রাপ্ত কোনো সেনাপ্রধানের নাম নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বিএনপি জোট। সংবিধান অনুযায়ী, সরকারি ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।
স্পিকার ও ডেপুটি স্পিকার পদে সম্ভাব্যরা
স্পিকার পদে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এম ওসমান ফারুক এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
ডেপুটি স্পিকার পদে সম্ভাব্যদের তালিকায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আশরাফ উদ্দিন নিজান।
সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপ
সংসদ উপনেতা হিসেবে আলোচনায় রয়েছে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম। চিফ হুইপ পদে সম্ভাব্যদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, জয়নুল আবদীন ফারুক এবং নুরুল ইসলাম মনি।
অন্যদিকে হুইপ পদে আলোচনায় আছেন নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সিলেট-৬ আসন থেকে নির্বাচিত এমরান আহমেদ চৌধুরী, সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ড. রেজা কিবরিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
দলীয় নেতারা বলছেন, পর্যায়ক্রমে সংসদীয় কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের দায়িত্ব দেওয়া হবে।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে জানান, এসব নিয়োগ রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ের বিষয় হওয়ায় সিদ্ধান্ত দলটির সর্বোচ্চ ফোরাম থেকেই নেওয়া হবে। গণমাধ্যমে যেসব নাম আলোচনায় আসছে, সেগুলো এখনো অনুমাননির্ভর বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন

