শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ও সকালে যেসব এলাকায় ভারী বৃষ্টির শঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:৫৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই ধরনের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর বিভাগের প্রায় সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী বিভাগের সব জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় ভারি বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।

ঢাকা বিভাগেও রাজধানীসহ অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

এদিকে বিডব্লিউওটি জানিয়েছে, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, জামালপুর, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিপ্রবণ অঞ্চল ধীরে ধীরে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, রাতভর নতুন মেঘের সৃষ্টি হলে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও সোমবার দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন