

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের পরারাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।
তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার ধারণা, এবারের নির্বাচনে ভোটের হার এর চেয়েও বেশি হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরারাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। এবারও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে বলেও জানান তিনি।
‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শুরুতে এ বিষয়ে অনেকের মধ্যে দ্বিধা ছিল। জামায়াত ও এনসিপি আগে থেকেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেয়। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন।
তিনি বলেন, ভোটাররা সাধারণত দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেন। যেহেতু বড় দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে রয়েছে, তাই এটি সহজেই পাস হবে বলে আমার ধারণা।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা দ্রুত ভিসা নেওয়ার প্রয়োজনের কারণে সাধারণ পাসপোর্ট পেয়ে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো তা হস্তান্তর করেননি।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিক্যাব টকে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।
