সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী রাজু হত্যা: প্রধান আসামি রিমান্ডে,  স্ত্রী কারাগারে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু (৪৮) হত্যা মামলার প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজলুকে দুই দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে একই মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী সাথী আক্তারের বিরুদ্ধে রিমান্ডের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, হাতিরঝিল থানার এসআই মো. নাসিম দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নিহত রাজু কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে ব্যবসা করতেন বজলুও। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা হাসপাতাল থেকে সরে যান বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার দাবি, হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বজলুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

উল্লেখ্য, এ ঘটনায় নিহতের বড় বোন শাহানা বেগম গত ২৯ জুলাই হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন