সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের আবেদনে পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
আদালত প্রাঙ্গনে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।। ফাইল ছবি
expand
আদালত প্রাঙ্গনে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল-আমিন আবেদনটি করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, পলক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ও বেনামে থাকা আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য মিলেছে, যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মামলার এজাহারে বলা হয়েছে, পলক তার নিজ ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাবে মোট ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা করেছেন। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। দুদক মনে করছে, এই অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং তা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করা হয়েছিল। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাও যুক্ত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন