

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনার পর থেকে প্রতিবছরই নতুন মডেল উন্মোচন করে আসছে অ্যাপল। সেই ধারাবাহিকতায় এ বছরও নতুন আইফোন সিরিজ আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যমতে, সেপ্টেম্বরের ৯ তারিখে আইফোন ১৮-এর উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে পারে প্রতিষ্ঠানটি।
অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন গুঞ্জন সত্যি হলে সেপ্টেম্বরের শুরুতেই আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন ‘আইফোন আলট্রা’ উন্মোচন করা হতে পারে। এর মধ্যে ভাঁজ করা আইফোনটি এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে। প্রো মডেল দুটিতেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আইফোন ১৮, আইফোন ১৮ই এবং আইফোন ১৮এয়ার এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে উন্মোচন করা হতে পারে।
এবারের আইফোন উন্মোচন অনুষ্ঠানে অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসকে প্রথমবারের মতো মঞ্চে দেখা যেতে পারে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নতুন আইফোনের দাম নিয়ে অবশ্য স্বস্তির খবর নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল চাহিদার কারণে বিশ্বজুড়ে র্যামের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব আইফোন ১৮–এর দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, আইফোন ১৮ প্রো–তে ব্যবহৃত মেমোরি চিপের খরচ আইফোন ১৭ প্রোর তুলনায় ১৫০ ডলার বেশি হতে পারে। তবে উৎপাদন খরচ বাড়ার পুরোটা যে ফোনের দামে যোগ হবে, তা নিশ্চিত নয়। আর তাই আইফোন ১৮ প্রো’র দাম ১ হাজার ৩৯৯ ডলার হতে পারে। অর্থাৎ গত বছরের মডেলের তুলনায় দাম বাড়তে পারে ৩০০ ডলার। অ্যাপল নিয়ে গবেষণা করা বিশ্লেষকেরাও কাছাকাছি পূর্বাভাস দিয়েছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোনের দাম আগের সংস্করণের তুলনায় ২৫০ থেকে ৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে।
আইফোন ১৮ সিরিজের নকশা নিয়ে বরাবরের মতো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ ও আইফোন ১৮ প্রোতে ৬ দশমিক ৩ ইঞ্চি এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৯ ইঞ্চির পর্দা থাকতে পারে। নতুন আইফোনের পর্দা আগের মডেলের তুলনায় আরও উজ্জ্বল হতে পারে। ডায়নামিক আইল্যান্ডেও পরিবর্তনের গুঞ্জন রয়েছে।
আইফোন ১৮ সিরিজের যন্ত্রাংশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য বেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজের সব মডেলেই ১২ গিগাবাইট র্যাম ব্যবহার করতে পারে অ্যাপল। আগের বছরগুলোয় প্রো মডেলে ১২ গিগাবাইট র্যাম থাকলেও সাধারণ আইফোনে ছিল ৮ গিগাবাইট। নতুন আইফোনে এ২০ ও এ২০ প্রো চিপ ব্যবহারের গুঞ্জনও রয়েছে। উন্নত মোবাইল নেটওয়ার্ক সংযোগের জন্য নতুন সি২ মডেম এবং স্যাটেলাইটের মাধ্যমে ৫জি সংযোগের সুবিধা থাকতে পারে। ওয়াই-ফাইয়ের কার্যকারিতা বাড়াতে এন২ চিপও যুক্ত হতে পারে।
বড় ব্যাটারি ব্যবহারের কারণে আইফোন ১৮ প্রো ম্যাক্স আগের মডেলের তুলনায় কিছুটা মোটা ও ভারী হতে পারে। চীনের বিভিন্ন সূত্রের দাবি, ফোনটির পুরুত্ব প্রায় শূন্য দশমিক ২৫ মিলিমিটার এবং ওজন প্রায় ৭ গ্রাম বাড়তে পারে। পরিবর্তন খুব বেশি না হলেও আইফোনের সবচেয়ে বড় মডেলটিতে বাড়তি ওজন কিছু ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর হতে পারে। আইফোন ১৮ প্রোতে ক্যামেরা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান। তাঁর মতে, এটি আইফোনের ইতিহাসে ক্যামেরার অন্যতম বড় উন্নয়ন হতে পারে।
সূত্র: ম্যাশেবল


